Header Ads Widget

Responsive Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!



বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিন বিতরণের পর প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ রুটি ছিঁড়ে খাওয়ার সময় ভেতরে একটি গোটা ধারালো ব্লেড দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে বিষয়টি শ্রেণিশিক্ষককে জানায়। রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনো শারীরিক ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষিকা সাইফুন নাহার জানান, ঘটনাটি জানার পরপরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলেন, কোমলমতি শিশুদের জন্য সরবরাহ করা টিফিনের খাবারে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, তিনি বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments