Header Ads Widget

Responsive Advertisement

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

 

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন।

সরকারের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

বঙ্গভবনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা আগের মতো ভালো নয়। তিনি ওপেন হার্ট সার্জারিসহ একাধিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি সম্মানজনকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও ওই কর্মকর্তা দাবি করেন।

আরেকটি সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। ২৫ জুলাইয়ের আগেই পদত্যাগপত্রে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় রয়েছে।

সূত্রগুলোর দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি এবং যুক্তরাজ্যে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপনের চিকিৎসা নেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে উদ্ভূত রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন এবং নতুন সরকারকে শপথ পাঠ করান।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পাশাপাশি বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের নামও আলোচনায় রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments