Header Ads Widget

Responsive Advertisement

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, চলাচলে সতর্ক করল পুলিশ

 

Uploading: 48830 of 48830 bytes uploaded.

টানা বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশে। পাশাপাশি বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যানজটেরও আশঙ্কা রয়েছে।

ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক সদস্যদের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধারণের জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সদস্যরা মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments