কাতারের সাবেক আমির এবং দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, "আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে, ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) সকালে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাকে রহম করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।"
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কাতার অর্থনীতি, জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক অগ্রগতি অর্জন করে। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ হিসেবে কাতারের অবস্থান সুদৃঢ় করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
এছাড়া তার শাসনামলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র বৈশ্বিক সম্প্রসারণ, ক্রীড়া ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে এবং বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। আরব বিশ্বের ইতিহাসে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের বিরল দৃষ্টান্তগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে বিবেচিত হয়।
শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাচ্ছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments