নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ফিরে এসে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে তুলে নেওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরি মহানন্দা-র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও ফেরির যাত্রীদের দাবি, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি হঠাৎ দিক পরিবর্তন করে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।
যাত্রীদের ভাষ্য, পরে তাদের জানানো হয় যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে পৌঁছেছেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য ফেরি ফিরিয়ে আনা হয়েছে। এরপর সংসদ সদস্য ও তার সফরসঙ্গীরা ফেরিতে ওঠার পর ফেরিটি আবার নলচিরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে তাকে জানানো হয়েছিল ফেরি ছাড়বে না। পরে নির্ধারিত সময়েই ছেড়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার ফেরি ফিরে আসে এবং সংসদ সদস্যকে নিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
এ ঘটনায় কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনায় তাদের সময় নষ্ট হয়েছে এবং নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। তাদের মতে, ফেরি ফিরে না এলে ওই সময়ের মধ্যে নলচিরা ঘাটের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব ছিল।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, "চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর সংসদ সদস্যের জন্য ফেরি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু প্রটোকল অনুসরণ করতে হয়। এ ধরনের বিষয় আগে থেকেও হয়ে থাকে।"
ফেরির মাস্টার নুরুল আমীন জানান, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের নির্দেশেই তিনি ফেরি ঘুরিয়ে চেয়ারম্যান ঘাটে নিয়ে যান। পরে সংসদ সদস্যকে নিয়ে ফেরি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্ধারিত গন্তব্যে যাত্রারত একটি ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে এনে একজন ভিআইপিকে তোলা কতটা যৌক্তিক এবং এতে সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি কতটা বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments