Header Ads Widget

Responsive Advertisement

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ


 

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিজয়ীর মুকুট উঠেছে সামানজার সাঈদ-এর মাথায়। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা, আর দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মানজুর

শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

মুকুট জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৩তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। তিনি দায়িত্ব নিচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫-এর বিজয়ী আকলিমা আতিকা কনিকা-র উত্তরসূরি হিসেবে।

এবারের প্রতিযোগিতার সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন সামানজার সাঈদ, স্বাগতা সাহা, লাবিবা মানজুর, আয়শা রহমান এবং যুক্তা ভৌমিক। বিচারকদের মূল্যায়নে তাদের মধ্য থেকেই বিজয়ী নির্বাচিত হন সামানজার।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, যোগাযোগ দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং 'Beauty With a Purpose' দর্শনের সঙ্গে সামঞ্জস্য বিবেচনায় এনে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজেবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান

আয়োজক আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) জানায়, নতুন ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটিকে কেবল সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে নয়, বরং নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবায় তরুণীদের সক্ষম করে তোলার একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পরিচালক আজরা মাহমুদ বলেন, "এটি শুধু একজন বিজয়ীর অভিষেক নয়, বরং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। আমাদের লক্ষ্য সৌন্দর্যের পাশাপাশি নেতৃত্ব, উদ্দেশ্য ও সমাজসেবাকে গুরুত্ব দেওয়া। আমরা এমন নারীদের সামনে আনতে চাই, যারা পরিবর্তনের দূত এবং আগামী প্রজন্মের অনুপ্রেরণা হতে পারবেন।"

বিজয়ী সামানজার সাঈদ এখন থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করবেন। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং 'Beauty With a Purpose' প্রকল্পের বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন।

উল্লেখ্য, ২০২৬ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রায় এক মাসব্যাপী এ আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে অংশ নেবেন। আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাং শহরে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments