Header Ads Widget

Responsive Advertisement

ঢামেক ও আশপাশ থেকে ৩ মরদেহ উদ্ধার

 


রাজধানীতে পৃথক দুটি স্থান থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের এলাকা থেকে দুইজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত তিনজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের আনন্দবাজার এলাকায় অমর একুশে হলের পাশের ফুটপাত এবং সড়কের বিপরীত পাশে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহবাগ থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ফুটপাতেই বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের এলাকা থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments