Header Ads Widget

Responsive Advertisement

ঢলের পানিতে তলিয়ে গেল দেড় হাজার মুরগি, নিঃস্ব তরুণ উদ্যোক্তা


 

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি পোল্ট্রি খামার প্লাবিত হয়ে প্রায় ১ হাজার ৫০০টি মুরগি মারা গেছে। এতে স্থানীয় তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মে ঘটে।

খামারের মালিক সাদেক জানান, শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানি হঠাৎ খামারে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো খামার পানিতে তলিয়ে যায়। খামারে থাকা প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১ হাজার ৫০০টি মুরগি পানিতে ডুবে মারা যায়।

তিনি বলেন, রাত ১টার দিকে খবর পেয়ে খামারে গিয়ে প্রাণপণ চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেননি।

সাদেক আরও জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার আশায় তিনি পোল্ট্রি খামার গড়ে তুলেছিলেন। কিন্তু বন্যায় একদিকে বসতঘরে পানি ঢুকে পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে খামারের সব মুরগি মারা যাওয়ায় তিনি সম্পূর্ণভাবে আর্থিক সংকটে পড়েছেন।

তিনি বলেন, "সরকারি সহযোগিতা না পেলে আমার পক্ষে আবার নতুন করে খামার চালু করা সম্ভব হবে না।"

এদিকে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments