Header Ads Widget

Responsive Advertisement

কনে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি খাদে, নিহত ২



নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বরযাত্রী দল কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনায় গাড়িতে থাকা বর-কনেসহ ১৪ জন আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাত মাস বয়সী শিশু জীবন ইসলাম ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments