Header Ads Widget

Responsive Advertisement

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

 



অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা চালানো এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১৮ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা।

সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে মেইন স্টেজ ইনক। এ কনসার্টের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে GetMyTicket.live।

তদন্তে জানা যায়, ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস’ নামে একটি ফেসবুক গ্রুপে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, গ্রুপটির অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে পোস্ট সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলে তিনি তা না করে এক লাখ টাকা দাবি করেন। পাশাপাশি টাকা না দিলে একই ধরনের পোস্ট অনুমোদন দিয়ে আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই বিকেলে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং ‘এ কে আদিব খান’ নামে ফেসবুক আইডি ব্যবহার করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments