Header Ads Widget

Responsive Advertisement

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী, বৃষ্টি অব্যাহত থাকতে পারে সোমবারও


 সারা রাতের টানা মৌসুমি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর, মোহাম্মদপুর, শেওড়াপাড়া এবং কালশী এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
 

অপরদিকে ফুটপাত তলিয়ে যাওয়ায় অনেক পথচারীকে ঝুঁকি নিয়ে জলাবদ্ধ সড়ক দিয়েই চলাচল করতে দেখা গেছে।

সকালে মতিঝিল বাণিজ্যিক এলাকা ঘুরে দেখা গেছে জলমগ্ন ফুটপাত পেরিয়ে অনেকেই হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। দিলকুশাতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তির শিকার একজন নগরবাসী জাহাঙ্গীর আলম জানান, জলাবদ্ধতার কারণে অটোরিকশা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ‘রিকশাচালক হাঁটুপানির মধ্যে দিয়ে যেতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে পানি জমে থাকা ফুটপাত দিয়েই হেঁটে অফিসে যেতে হচ্ছে।’

এদিকে, আশেপাশের এলাকার অনেক বাসিন্দা জানান, বিভিন্ন আবাসিক এলাকার অলিগলিতে হাঁটুর ওপরে পানি জমে যাওয়ায় তারা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন এবং নানা প্রয়োজনে প্রধান সড়কে যেতে ভোগান্তিতে পড়ছেন। জলাবদ্ধতার কারণে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়েছে। অনেক শিক্ষার্থীই আজ রাস্তায় পানি জমে যাওয়ার কারণে স্কুল বা কলেজে যেতে পারেনি।

তবে, বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মজীবীদের ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে চলাচল করতে দেখা গেছে। এদের অনেককেই নোংরা, জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেত হচ্ছে।

জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ির চলাচলও ধীর হয়ে পড়েছে। আশপাশ দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে ছিটকে আসা নোংরা পানির স্রোতে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

রাজধানীর টিকাটুলী এলাকার একজন বাসিন্দা কল্পনা আক্তার বলেন, ছাতা থাকা সত্ত্বেও কর্মস্থলে পৌঁছানোর আগেই আমার পোশাক ও জুতা সম্পূর্ণ ভিজে গেছে।

সুত্রঃ স্টার নিউজ


Post a Comment

0 Comments