চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার এড়াতে নিজের চেহারা পরিবর্তন করে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তিনি চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করেছিলেন। তবে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
তিনি বলেন, ডেভিড ইমনকে গ্রেপ্তারের অভিযান কোনো আকস্মিক পদক্ষেপ ছিল না। পুলিশের কাছে আগে থেকেই তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আলামত ছিল। সেসব তথ্য যাচাই-বাছাই এবং দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতেই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
এসপি মাসুদ আলম বলেন, পুলিশের হাতে আগে থেকেই থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার এড়াতে ডেভিড ইমন নিজের চেহারা পরিবর্তন করেছিলেন। এমনকি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তিনি চুল ও দাড়ির স্টাইল বদলে ফেলেন।
তিনি আরও বলেন, এটি কোনো তাৎক্ষণিক অভিযান নয়। দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক পরিকল্পনার ফলেই যশোর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর ডেভিড ইমনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আগে থেকে থাকা বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও ২০২৫ সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ইমন। তবে গ্রেপ্তারের মাত্র ২২ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ডেভিড ইমনের গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামে সক্রিয় অপরাধচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং তার সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments