মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
বিআরটিএ জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) সংস্থাটির স্থানীয় কার্যালয় কিংবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে—এটি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
এ বিষয়ে সব পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নতুন নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments