Header Ads Widget

Responsive Advertisement

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

 


সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অবসরে পাঠানো কর্মকর্তাদের অধিকাংশই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসক ছিলেন এবং পদাধিকারবলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর দাবি ছিল, ভোটগ্রহণের আগের রাতেই অধিকাংশ ভোট সম্পন্ন হয়েছিল। এ কারণে নির্বাচনটি দেশ-বিদেশে ‘রাতের ভোট’ বা ‘নিশিরাতের নির্বাচন’ নামে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিএনপি মাত্র সাতটি আসনে জয় পায়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নির্বাচনী অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। সে সময় তাদের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে একই ধরনের পদক্ষেপ হিসেবে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের অনেকেই ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সরকারের এই সিদ্ধান্তকে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন-সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments