Header Ads Widget

Responsive Advertisement

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা ইসিবির

 

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে লর্ডসে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা।

বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। সেই সফরের লর্ডস টেস্টে তামিম ইকবাল দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন এবং শাহাদাত হোসেন পাঁচ উইকেট শিকার করে লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম লেখান। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত।

এরপর আর ইংল্যান্ডে টেস্ট খেলেনি বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ড বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে হারের পর মিরপুরে ঐতিহাসিক জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র টেস্ট জয় পায় টাইগাররা। এখন পর্যন্ত দুই দলের ১০টি টেস্টের মধ্যে সেটিই বাংলাদেশের একমাত্র জয়।

২০২৭ সালের লর্ডস টেস্ট বাংলাদেশের জন্য আরও একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। কারণ এর এক বছরেরও কম সময় আগে অস্ট্রেলিয়া সফরে ২৩ বছর পর দেশটির মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

ইসিবি জানিয়েছে, একই বছরে সেপ্টেম্বরে বাংলাদেশের নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে। অন্যদিকে ওয়ানডে ম্যাচগুলো হবে ১৭ সেপ্টেম্বর হোভে, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং ২৪ সেপ্টেম্বর চেল্মসফোর্ডে।

২০২৭ সালের গ্রীষ্মে লর্ডসে থাকবে জমজমাট আন্তর্জাতিক সূচি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ছাড়াও পুরুষ ও নারী অ্যাশেজের ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক ভেন্যুতে।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, একই গ্রীষ্মে পুরুষ ও নারী অ্যাশেজ আয়োজনের পাশাপাশি ১৭ বছর পর বাংলাদেশকে লর্ডসে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, লন্ডন ও যুক্তরাজ্যে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি সমর্থকের উপস্থিতিতে ম্যাচটি বিশেষ উৎসবে পরিণত হবে।

বর্তমানে লন্ডনে তিন লাখেরও বেশি বাংলাদেশির বসবাস রয়েছে। ফলে ২০২৭ সালের লর্ডস টেস্টে গ্যালারিতে বড় সংখ্যায় বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments