তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে গুরুতর শারীরিক অসুস্থতাকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির সাংবিধানিক মেয়াদ পাঁচ বছর হওয়ায় তার দায়িত্বে থাকার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠতে পারেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ লক্ষ্যে কয়েক দিন ধরেই বাসভবনটি বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছিল। এ সময় সেখানে বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments