Header Ads Widget

Responsive Advertisement

ছাত্রীর শ্লীলতাহানি ইস্যুতে যুবদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার

 ছাত্রীর শ্লীলতাহানি ইস্যুতে যুবদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার

পাবনার আতাইকুলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা-পুলিশের একটি দল।

গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং স্থানীয় আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রোববার রাতভর অভিযান চালিয়ে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। পরদিন ভুক্তভোগীর মা আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) স্থানীয়রা অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

এদিকে অভিযোগ ওঠার পরই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments