ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস
**নাসির-তামিমা দম্পতিকে খালাস দিলেন আদালত**
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক সম্পন্ন হওয়ার আগেই বিয়ে, ব্যভিচার এবং মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে দুপুর ১১টা ৪৭ মিনিটের দিকে নাসির হোসাইন ও তামিমা আদালতে উপস্থিত হন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমা ও নাসির হোসাইনের বিয়ের ছবি প্রকাশিত হলে তিনি বিষয়টি জানতে পারেন।
বাদীর দাবি ছিল, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসির হোসাইনকে বিয়ে করেন, যা আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী অবৈধ। পাশাপাশি নাসির হোসাইন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।
মামলায় আরও বলা হয়, এই ঘটনার কারণে রাকিব হাসান ও তার কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে।
তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগগুলোর পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়ায় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস প্রদান করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments