Header Ads Widget

Responsive Advertisement

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক


দেশের সব ধরনের গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

বিআরটিএর মতে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। জিপিএস ব্যবস্থার মাধ্যমে যানবাহনের অবস্থান, গতি ও চলাচলের তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা পরিবহন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সংস্থাটির ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত না থাকলে ওই যানবাহনের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। একই সঙ্গে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, বিষয়টি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে গণপরিবহন মালিক, চালক ও অপারেটরদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সরকারের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

উল্লেখ্য, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম একটি স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন প্রযুক্তি। এটি মহাকাশে অবস্থানরত একাধিক স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানে থাকা যানবাহন, ব্যক্তি বা বস্তুর সুনির্দিষ্ট অবস্থান, গতি, দিকনির্দেশনা ও সময় নির্ধারণে সহায়তা করে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments