দেশে উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা কর
দেশে উৎপাদিত মদের ওপর প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত প্রতি লিটার মদের ওপর ৫০০ টাকা হারে সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করা হবে।
২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে।
এতদিন কেরুর উৎপাদিত মদের ওপর শুধুমাত্র আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) কার্যকর ছিল। প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্ধারিত হারে আবগারি শুল্ক পরিশোধ করলেও আলাদা কোনো ভ্যাট দিতে হতো না।
নতুন করে ভ্যাট যুক্ত হলে দেশীয় মদের বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদ কিনতে ভোক্তাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কেরু অ্যান্ড কোম্পানির মদ বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চিনিকল পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটির ডিস্টিলারি ইউনিট বর্তমানে লাভজনক খাত হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলাসী ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের ওপর কর কাঠামো আরও কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments