স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে যা জানা গেল
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা প্রত্যাশামাফিক না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে সেলেসাওরা। আর এরই মধ্যে ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় সুখবর। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে পুরোপুরি মাঠে নামতে না পারা তারকা ফুটবলার নেইমার জুনিয়র গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সেই ম্যাচে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পায় ব্রাজিল।
তবে গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করতে এখনও গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। সেই প্রেক্ষাপটে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন দলটির জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।
এদিকে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাফিনিয়ার ইনজুরি। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তার অবস্থা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, সেটিও অনিশ্চিত।
এমন পরিস্থিতিতে নেইমারের ফেরা ব্রাজিলের আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে তিনি নিশ্চিতভাবেই খেলবেন—এমন ঘোষণা এখনও দেওয়া হয়নি। কোচ আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচের আগে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং স্কোয়াডে থাকার মতো ফিটনেস অর্জনের সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই অভিজ্ঞ তারকাকে। আর সেটি হলে ব্রাজিলের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বড় এক সংযোজন হতে পারে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments