Header Ads Widget

Responsive Advertisement

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ নাহিদ রানার

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ নাহিদ রানার




পাকিস্তান ও নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও নাজেহাল করলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি অর্জন করেছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার রেটিং পয়েন্ট এখন ৫৩৫, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদ। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের এটিই সেরা বোলিং ফিগার।

বাংলাদেশি বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে নাহিদের ওপরে রয়েছেন শুধুমাত্র অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৮ নম্বরে। অন্যদিকে তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন।

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি দুই ধাপ এগিয়ে উঠে এখন ৩৭ নম্বরে অবস্থান করছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলা তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

একই ম্যাচে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এ বিভাগের শীর্ষস্থান দখল করে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments