Header Ads Widget

Responsive Advertisement

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী


নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বা তৎপরতা প্রকাশ্যে দৃশ্যমান হওয়া জাতির জন্য ব্যর্থতার বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, “জনআকাঙ্ক্ষা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ জনগণের কাছে প্রত্যাখ্যাত, পরিত্যক্ত এবং আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে।”

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা প্রকাশ্যে দেখা যাওয়াই কাম্য নয়। যদি তাদের কার্যক্রম দৃশ্যমান হয়, তবে সেটি জাতির জন্য ব্যর্থতার বিষয়।”

তিনি আরও বলেন, “একসময় এটি একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা জনগণের সমর্থন হারিয়েছে। জনগণ এবং আইন—উভয়ের সিদ্ধান্তেই তারা এখন নিষিদ্ধ। তাই নিষিদ্ধ কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে চলতি বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন দখলকৃত জমি চিহ্নিত করে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। এক একরের কম আয়তনের জমিতে বৃক্ষরোপণ করা হবে এবং বৃহৎ জমিগুলো জনস্বার্থে ব্যবহার করা হবে।”

মন্ত্রী আরও জানান, তিন একরের বেশি আয়তনের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও জনকল্যাণকে গুরুত্ব দিয়েই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “সরকার পরিকল্পনাহীনভাবে গাছ লাগাচ্ছে না। কোথায় বৃক্ষরোপণ এবং কোথায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে দেশের সর্বোচ্চ উপকার হবে, সেটি বিবেচনায় নিয়েই কাজ করা হচ্ছে।”

এ সময় তিনি জানান, চর গলগলিয়া এলাকায় রেলওয়ের বড় একটি জায়গায় আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, রেল সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments