বিশ্বকাপে প্রধানমন্ত্রীর পছন্দ ইংল্যান্ড!
ফিফা বিশ্বকাপ ফুটবল ঘিরে যখন সারা বিশ্বে উৎসবের আমেজ, তখন দেশের রাজনৈতিক অঙ্গনেও চলছে প্রিয় দল নিয়ে আলোচনা। ফুটবলপ্রেমী বাংলাদেশে বরাবরই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আধিপত্য দেখা যায়। এমন আবহেই নিজের পছন্দের দল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে এক সাংবাদিক বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে তার কাছে জানতে চান, ‘ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন?’
প্রশ্নের জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।’
এরপর তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে হাসিমুখে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করায় তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান তারেক রহমান। পরবর্তীতে রাজনৈতিক ও আইনি নানা জটিলতার কারণে দীর্ঘ সময় তিনি দেশে ফিরতে পারেননি।
প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হন তিনি। এরপর দলের নেতৃত্ব গ্রহণ করে জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ের পথে নেতৃত্ব দেন এবং দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি।
বিশ্বকাপের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইতোমধ্যে ফুটবলপ্রেমী ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments