৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল চান সরকার দলীয় এমপি
দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে দেশের ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের অনেক মানুষ ব্যাংকে অর্থ জমা না রেখে বাসায় নগদ টাকা সংরক্ষণ করছেন। এছাড়া যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়ে গেছে। এ পরিস্থিতিতে ৫০০ ও ১০০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে বিপুল পরিমাণ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের কাছে থাকা অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তাদের জন্য নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করার সুযোগ রাখা যেতে পারে। এতে একদিকে ব্যাংকে তারল্য বাড়বে, অন্যদিকে বিনিয়োগ ও অর্থনীতিতে অর্থের প্রবাহও বৃদ্ধি পাবে।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে। তিনি বলেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কী বাংলাদেশে? এমপি হলে একটা ব্যাংক, নেতা হলেই একটা লিজিং কোম্পানি—এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, জনগণের অর্থ দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করা উচিত নয়। তাই জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার এবং ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments