Header Ads Widget

Responsive Advertisement

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই



ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে দেশি-বিদেশি উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত এক হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন এবং আরও উদ্ধারকারী দল দেশটিতে আসার প্রস্তুতি নিচ্ছে। গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে শত শত আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও স্বজনরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ভারী যন্ত্রপাতি ও সরকারি সহায়তার ঘাটতির কারণে উদ্ধার অভিযান কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না।

ক্ষতিগ্রস্ত কারাবায়েদা এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য মার্কিন সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতাল ও উদ্ধারকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন।

আফটারশকের আতঙ্কে বহু মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। অনেক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দারা সেগুলোতে ফিরতে সাহস পাচ্ছেন না।

জরুরি উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লা গুয়াইরায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজও চলছে।

সরকার জানিয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। অন্যদিকে বিরোধী পক্ষ পরিচালিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে। উদ্ধার ও ত্রাণ সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকশ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণার সম্ভাবনার কথাও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments