মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরে স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তাদের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তায় মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে স্পারসোকে আরও দক্ষ ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং গবেষণা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments