নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য স্বস্তির খবর দিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি।
পায়ের পেছনের মাংসপেশির চোটে ভুগছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সে কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। পরবর্তীতে হাইতির বিপক্ষেও তাকে ছাড়াই খেলতে হয় সেলেসাওদের।
নেইমারকে ছাড়া প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এক জয় ও এক ড্রয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হাইতির বিপক্ষে জয়ের পর আনচেলত্তি জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, “নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে। সোমবার থেকে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”
ব্রাজিল দল সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় নেইমারের পুরোপুরি সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন ছিল। সে কারণেই নিউ জার্সিতে থেকে বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্যে রাখা হয়েছিল তাকে।
নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাফিনহার চোটের কারণে। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন বার্সেলোনা তারকা। তার অবস্থা সম্পর্কে আনচেলত্তি বলেন, “চোটটি কতটা গুরুতর, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।”
বিশ্বকাপের নকআউট পর্ব সামনে রেখে নেইমারের ফিরে আসা ব্রাজিলের আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments