Header Ads Widget

Responsive Advertisement

তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত

 তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় ঘুরতে আসা রাধানগর এলাকার বাসিন্দা সাদিয়াতুল জান্নাত (২০) অভিযোগ করেন, একই এলাকার ইশরাক মিয়া (২৩) তার ওড়না ধরে টান দেন। বিষয়টি দেখে সাদিয়াতুলের ভাই তামিম মিয়া (১৯) প্রতিবাদ করলে ইশরাক মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের এক পর্যায়ে ইশরাক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তামিমের সহযোগী তালাত মিয়া (২৩)-এর বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত তালাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার জাফর মিয়ার ছেলে।

ঘটনার সময় মেলায় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তালাত মিয়াকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

মেলার দায়িত্বে থাকা রমজান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।\

সুত্রঃ স্টার নিউজ

Post a Comment

0 Comments