অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি আলোচনা সভায় অংশগ্রহণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করতে দেখা যায়, যা নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়নে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
অনুষ্ঠান শেষে অক্সফোর্ড ইউনিয়ন ভবন ত্যাগ করার সময় যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে জানা গেছে। এ সময় গাড়িতে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। উপস্থিত ব্যক্তিদের তোলা একটি ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
ছবিটি প্রকাশের পর অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিবাদ বা ফ্যাসিবাদবিরোধী প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। তাদের মতে, বিরোধী স্লোগান ও উসকানিমূলক আচরণের জবাব হিসেবেই এই অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বড় অংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যের কাছ থেকে এমন অঙ্গভঙ্গি প্রত্যাশিত নয়। ফলে ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এদিকে ছবিটি ভাইরাল হওয়ার পরও এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক অব্যাহত রয়েছে। কেউ এটিকে সাহসী রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন জননেতার জন্য অনুচিত আচরণ বলে মন্তব্য করছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments