অবৈধ ওয়াকি-টকি ব্যবহারে সতর্কবার্তা বিটিআরসির
লাইসেন্সবিহীন ওয়াকি-টকি ও অন্যান্য বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহারের ঘটনায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন ওয়াকি-টকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
বিটিআরসি জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশন থেকে তরঙ্গ বরাদ্দ ও বেতার যন্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। যথাযথ লাইসেন্স ছাড়া এসব যন্ত্র ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল এবং অন্যান্য ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিটিআরসির অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকি-টকি ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
কমিশন আরও জানায়, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এবং দেশের বেতার যোগাযোগ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সকলকে বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments