কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় তাকে আটক করতে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, পুলিশ বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতা-কর্মী ও স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সকালে আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করার চেষ্টা করে।
তবে পুলিশের পক্ষ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “থানার একটি টিম সেখানে যাওয়ার খবর পেয়ে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন পড়ে যায়, যা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। পরিবারের কেউ এলে তা বুঝিয়ে দেওয়া হবে।”
এদিকে, পুলিশের কাছ থেকে বিজুকে ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি জেল্লাল হোসেন বলেন, “ভিডিওর বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments