‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি
ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ববি।
বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, “ওই ব্যক্তি (মির্জা আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো আইনি সম্পৃক্ততা দেখাতে পারেন, তাহলে তিনি যা চাইবেন, আমি তা করতে প্রস্তুত।”
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ববির ভাষ্য, একজন শিল্পী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে সম্মান দেখিয়ে বসার ব্যবস্থা করা হয় এবং অনেক সময় উপহারও দেওয়া হয়। সেই ছবিগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে।
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও ভোগান্তির শিকার হয়েছে বলে জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, “আমার পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে থাকেন। এসব অদ্ভুত সংবাদ দেখে তারা বিভ্রান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি এই গুজবের কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন।”
ববি আরও দাবি করেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমার আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। তবে শুধুমাত্র তার নাম ব্যবহার করলেই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়বে—এমন উদ্দেশ্য থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। তবে শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে আসছেন ববি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments