Header Ads Widget

Responsive Advertisement

হাইকোর্টে সাবেক এমপি মমতাজ বেগমের জামিন

 হাইকোর্টে সাবেক এমপি মমতাজ বেগমের জামিন


আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানান, তিনটি পৃথক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় আইনি প্রক্রিয়ায় আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশের লোকসংগীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তিনি বিজয়ী হতে পারেননি। ওই নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের পর তিনি রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন।

পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ হাইকোর্টের আদেশে তিনটি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা আটকাদেশ থাকলে তা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments