ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে: ইসলামী ব্যাংকের প্রশাসক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটির সুশাসন নিশ্চিত এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে একটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ জহির হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক তাকে সীমিত সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব দিয়েছে। এই সময়ের মধ্যে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরপেক্ষ বোর্ড গঠন অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “আমরা ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠন করতে চাই। এর মাধ্যমে ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুশাসন আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।”
গ্রাহক ও আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, ব্যাংকের চলমান কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সকল ধরনের ব্যাংকিং সেবা ও লেনদেন স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, “পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। সাম্প্রতিক ব্যবস্থাপনা পরিবর্তনের কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমরা ব্যাংকটিকে স্থিতিশীল ও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করছি।”
উল্লেখ্য, গত ১৪ জুন ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর বিধান অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আমানতকারী ও সাধারণ জনগণের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ ঋণও অনুমোদন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহায়তা ব্যাংকের তারল্য পরিস্থিতি উন্নত করতে এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments