Header Ads Widget

Responsive Advertisement

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ

 

ঢাকা: আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা আরও জোরদার করা এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। হাসপাতালের পরিবেশে আলো-বাতাস চলাচল ও অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের তত্ত্বাবধানে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে কর্পোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮০ সাল থেকে আদ-দ্বীন ফাউন্ডেশন দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক প্রকল্প নিয়ে কাজ করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের তথ্যমতে, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। ২০২৬ সালের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালটিতে বর্তমানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মরত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাদের অধিকাংশই নারী।

এছাড়া আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীর শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ জড়িত।

বিজ্ঞপ্তির শেষাংশে আদ-দ্বীন কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments