সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৯৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। এদিকে হজ পালন করতে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইনসের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে বাংলাদেশি ১৮ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ১৩ জন পবিত্র মক্কায় ও পাঁচজন মদিনায় মারা গেছেন।
বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments