আট টুকরার মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদ্ঘাটন
রাজধানীর মুগদা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ মে) র্যাব-৩ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার সাইদুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম। পরকীয়া সম্পর্কের জেরে মুকাররমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে ঘুমের ওষুধ খাইয়ে মুকাররমকে হত্যা করে। পরে মরদেহ আট টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয় তারা।
মুগদা থানার মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলা ভবনের বেজমেন্ট থেকে রোববার (১৭ মে) দুপুরে সাত টুকরা খণ্ডিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সে সময় মরদেহের মাথা পাওয়া যায়নি। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে রাজধানীর মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে নিহতের বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করা হয়।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং দেহের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। প্রথমে সাতটি অংশ উদ্ধার করা হলেও মাথা পাওয়া যায়নি। পরে অভিযান চালিয়ে ময়লার স্তূপ থেকে মাথাটি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও মুকাররমকে হত্যা করা হতে পারে। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে বেজমেন্ট ও আশপাশের ময়লার স্তূপে ফেলে রাখা হয়। ঘটনার বিস্তারিত জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments