আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬-এর প্রথম আসর বসছে বসুন্ধরা এরিনাতে
তাহাদ নিউজডেস্ক২৪/ঢাকা, ১৪ মে ২০২৬ঃ
দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতের পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ ডিজাইনারদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্ব, নেটওয়ার্কিং ও দলগত চেতনা গড়ে তুলতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে “আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ - Powered by Harrington”। ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব) আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ফুটসাল উৎসবের প্রথম আসর অনুষ্ঠিত হবে রাজধানীর অত্যাধুনিক ক্রীড়া ভেন্যু বসুন্ধরা কিংস এরিনায়।
আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ডিজাইন ইনস্টিটিউট এবং পেশাদার ডিজাইনারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ আইড্যাব কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় প্রতিযোগিতার ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি।
অনুষ্ঠানে আইড্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম স্মরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেন। এ সময় আইড্যাবের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম সিকদার, মুহাম্মদ আনামুল হক, মুহাম্মদ শরীফুল ইসলাম, আব্দুর রহিম, নিয়াজুর রহমান, সুমন কুমার এবং মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পাওয়ার পার্টনার হ্যারিংটনের এজিএম বাসমা কাজী, সুমন হক এবং অংশগ্রহণকারী বিভিন্ন দলের অধিনায়ক ও প্রতিনিধিরা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ইউনিভার্সিটি, মিক্সড ইউনিভার্সিটি, এওএসটি টাইটানস (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং এওএসটি ফ্যালকনসহ আরও কয়েকটি শক্তিশালী দল।
আয়োজকরা জানান, “আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬” শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি ইন্টেরিয়র ডিজাইন কমিউনিটির সদস্যদের মধ্যে সুসম্পর্ক, টিমওয়ার্ক, নেতৃত্বগুণ ও ইতিবাচক যোগাযোগ তৈরির একটি বড় প্ল্যাটফর্ম। কর্মব্যস্ত পেশাজীবনের বাইরে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও পারস্পরিক সংযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আইড্যাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার, ১৫ মে ২০২৬ বিকেল ৪টায় বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফুটসাল উৎসব। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম ওয়ালি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান।
আইড্যাব সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, “বর্তমান সময়ে পেশাগত দক্ষতার পাশাপাশি দলগত সমন্বয় ও মানবিক সম্পর্ক গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা সেই সম্পর্ক তৈরির অন্যতম কার্যকর মাধ্যম। আমরা চাই, ডিজাইনারদের মাঝে সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পেশাগত নেটওয়ার্ক আরও শক্তিশালী হোক।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা দেশের তরুণ ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তারা নিজেদের প্রতিভা, নেতৃত্ব ও টিম স্পিরিট তুলে ধরতে পারবে।”
টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের প্রস্তুতি জোরদার করেছে এবং দর্শকদের মাঝেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। আয়োজকরা আশা করছেন, “IDAB FUTSAL FEST 2026” ভবিষ্যতে দেশের ডিজাইন কমিউনিটির অন্যতম বড় বার্ষিক ক্রীড়া আয়োজনে পরিণত হবে।
“Get Ready for the Biggest Futsal Fiesta of the Year” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের উৎসব শুধু একটি ফুটসাল টুর্নামেন্ট নয়, বরং এটি হবে ডিজাইনারদের মিলনমেলা, সম্প্রীতির উৎসব এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার একটি নতুন অধ্যায়।
-তাহাদ নিউজ ২৪ ডেস্ক/ঢাকা
0 Comments