অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
সুত্রঃ স্টার নিউজ
নেত্রকোনার পূর্বধলায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা লেগে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাশপুর এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আল্লাহ দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০ বছর বয়সি) আরও একজন পুরুষের মৃত্যু হয়।
আহতরা হলেন— দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার মনির হোসেন (২৩)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত অন্য ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা জব্দ করা হলেও চালকেরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 Comments