চট্টগ্রামের লালদিঘী পূর্ব করপোরেট শাখায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং জাফর উল্লাহ তানভীর (২৫)। ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ভল্টে টাকা জমা দেওয়ার সময় হাজার টাকার নোটের বান্ডেলের ভেতরে ১০০ টাকা বা ছোট মূল্যমানের নোট রেখে দেওয়া হতো। বাইরে থেকে বান্ডেলগুলো ঠিকঠাক মনে হলেও প্রকৃত অর্থের ঘাটতি তৈরি হতো। পরে এভাবে ‘মনগড়া হিসাব’ মিলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৯ আগস্টের মধ্যে ধাপে ধাপে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ভল্টের টাকা গণনা করতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে।
পুলিশ জানায়, আত্মসাতের অর্থ দিয়ে কামরুল তার পরিচিত জাফর উল্লাহ তানভীরের মাধ্যমে হাটহাজারীতে ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন। ওই খামারে বিভিন্ন জাতের প্রায় ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। আত্মসাতের অর্থের গতিপথ ও ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাংকের ভল্টে এত বড় অঙ্কের অর্থের ঘাটতি কীভাবে দীর্ঘ সময় ধরে শনাক্ত হয়নি, তা নিয়েও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
0 Comments