Header Ads Widget

Responsive Advertisement

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপি নেতা

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির এক নেতার বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে।

ওই নেতা হলেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার।

রোববার (১৬ আগস্ট) রাতে ১২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জাকির হোসেনকে বক্তব্যের শেষে বলতে শোনা যায়, ‘আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এরপর উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে হাসতে এবং কেউ কেউ হাতের ইশারায় তাকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন জাকির হোসেন নোয়াব।

তবে এ নিয়ে ভিন্ন দাবি করেছেন বিএনপির কয়েকজন নেতা। তাদের ভাষ্য, জাকির হোসেন ‘জয় বাংলা’ বলার পর বক্তব্য শেষ করেছেন। ভিডিওতে ‘জয় বঙ্গবন্ধু’ অংশটি স্পষ্ট নয় এবং শব্দটি অস্পষ্ট শোনা যাচ্ছে বলেও দাবি করেন তারা।

এদিকে ‘তালাশ বিডি’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়েছে, বিএনপি নেতা বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলেও জাকির হোসেন নোয়াব হাওলাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতি সেখানে উপস্থিত ছিলেন, তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments