দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভের আঘাতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে রান তাড়ার সময় ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। বোলার আশিস মিনার করা ডেলিভারিতে নিউ দিল্লির ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন।
বলটি মাটিতে পড়ার আগেই সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে, কানের ঠিক নিচে সজোরে আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে পিচে বসে পড়েন তিনি।
ঘটনায় ব্যাটার লক্ষ্য থারেজাসহ মাঠের খেলোয়াড়রা হতভম্ব হয়ে পড়েন। থারেজাকে মাথায় হাত দিয়ে উইকেটে বসে পড়তে দেখা যায়। অন্য ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত আম্পায়ারের কাছে ছুটে যান।
প্রাথমিকভাবে আঘাতের মাত্রা পুরোপুরি বোঝা না গেলেও পরবর্তীতে ভরদ্বাজের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন।
ক্রিকেট মাঠে আম্পায়ারদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে এই দুর্ঘটনা। বিশেষ করে ব্যাটারের সরাসরি শটে আম্পায়াররা কতটা ঝুঁকির মধ্যে থাকেন, ঘটনাটি তারই একটি ভয়াবহ উদাহরণ।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments