অমর নায়ক সালমান শাহর জীবনী বা মৃত্যুরহস্য নয়; বরং তাকে ঘিরে নব্বইয়ের দশকে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প উঠে এসেছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’-এ।
তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর হওয়ায় তার ঠিক দুদিন আগে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাতা ইভান মল্লিকের দাবি, সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা বোর্ড সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।
ইভান মল্লিক বলেন, সিনেমাটিতে বিতর্কিত কিছু নেই। এখানে তুলে ধরা হয়েছে সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।
কী আছে ‘লাভ ৯৬’-এ?
ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে প্রিয় অনুষ্ঠানের জন্য অপেক্ষা—নব্বইয়ের দশকের এসব স্মৃতিকে ঘিরেই তৈরি হয়েছে সিনেমাটির আবহ।
সেই সময়েই বাংলা চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব ঘটে। অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকস্তব্ধ করে দেয়।
প্রিয় নায়ককে হারানোর শোক ও তাকে ঘিরে ভক্তদের তীব্র আবেগের সেই সময়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটির গল্পে উঠে আসবে একজন অন্ধ সালমান শাহ ভক্তের জীবনকাহিনিও।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
নির্মাতা ইভান মল্লিক জানিয়েছেন, অডিশনের মাধ্যমে নতুন দুই অভিনয়শিল্পীকে নির্বাচন করা হয়েছে। তার ভাষায়, ‘লাভ ৯৬’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। দর্শকরা এতে টানটান উত্তেজনার পাশাপাশি সালমান শাহকে ঘিরে নিজেদের পুরোনো আবেগ ও স্মৃতির সঙ্গে মিল খুঁজে পাবেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments