সাভারের একটি মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়। পরে ড্রামটির ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেশার কুকার দেখতে পান তারা। স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়।
খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
ইমরান হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা এলাকাটি নিরাপদ করেন। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করবে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, প্রেশার কুকারটির ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করেছিল পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments