Header Ads Widget

Responsive Advertisement

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

 


রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশেষ এই বাসে যাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা।

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে। বাসগুলো পিংক রঙের হবে এবং এগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন নারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের মতো পেশায় নারীদের অংশগ্রহণের সুযোগও বাড়বে।

Post a Comment

0 Comments