জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা উপহার দেওয়া হয়। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। গফফার জানান, একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে তিনি আর্থিক কষ্টে ছিলেন।
প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments