রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট হয়ে মোড় নেওয়ার সময় কাভার্ড ভ্যানটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন। এ সময় কয়েকজন চালকের ওপর হামলাও করেন। রক্তাক্ত মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সড়কে পড়ে থাকায় ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলেন, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক সেটি উদ্ধারে কোনো তৎপরতা দেখাননি।
নিহতের পরিচয় শনাক্তের জন্য থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments