Header Ads Widget

Responsive Advertisement

রাবিতে প্রকাশ্যে শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীকে বাঁচাতে রামেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বিষাক্ত পদার্থের প্রভাবে তার শ্বাসনালি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে কিছুটা শঙ্কামুক্ত থাকলেও বিষাক্ত দ্রব্যের কারণে ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সহপাঠীদের দাবি, ওই শিক্ষার্থীর এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটে এবং ওই তরুণী তাকে এড়িয়ে চলছিলেন। এর জেরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সহপাঠীরা আরও জানান, প্রায় এক মাস আগেও ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তাকে বুঝিয়ে বাসায় পাঠানো হয়েছিল।

এদিকে গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে দেখতে রামেক হাসপাতালে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থী আপাতত ঝুঁকিমুক্ত রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments