Header Ads Widget

Responsive Advertisement

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী

 


টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অসুস্থ এক ব্যক্তিকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, স্ত্রী ও সন্তানরা তাকে ফেলে চলে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দেন। ঘটনাটি শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার কালমেঘা এলাকায় ঘটে।

অসুস্থ ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৯)। তিনি উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে জামাল উদ্দিন নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, প্রবাসজীবনে উপার্জিত অর্থ পরিবারের কাছে পাঠিয়েছেন জামাল উদ্দিন। কয়েক বছর আগে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর অসুস্থতার মধ্যে চিকিৎসা ও পারিবারিক যত্নে অবহেলার অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। পরে বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার এক ভাতিজির বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অসুস্থ ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে যান।

জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, তিনি আগে থেকেই ভাইকে শ্বশুরবাড়িতে না থাকার পরামর্শ দিয়েছিলেন। পরে জানতে পারেন, অসুস্থ অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিনা আক্তার। তিনি দাবি করেন, কয়েক মাস আগেই জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন এবং বর্তমানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। জামাল উদ্দিন কীভাবে ওই এলাকায় পৌঁছেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments